আজ বিশ্ব রেবিস দিবস উপলক্ষে পাবনায় অনুষ্ঠিত হলো পোষা প্রাণীদের জন্য বিশেষ ভ্যাকসিন ও চিকিৎসা সেবা কার্যক্রম। স্থানীয় সংগঠন ‘পাবনা এ্যানিমেল লাভার হাব’ এর উদ্যোগে এবং সরকারি সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক কুকুর ও বিড়ালকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন অসুস্থ প্রাণীর জন্যও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সংস্থার কর্মকর্তারা জানান, এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রাণী ও মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা। তারা বলেন, আজ প্রায় ১৫টি কুকুর ও ৪০টি বিড়ালকে রেবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। পাশাপাশি আরও অনেক প্রাণী চিকিৎসা সেবা পেয়েছে, যা তাদের প্রত্যাশার চেয়েও বেশি।
কর্মকর্তাদের ভাষ্যমতে, এটি মূলত একদিনের ক্যাম্প হলেও ভবিষ্যতে মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে নিয়মিত আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এ আয়োজনের অর্থায়ন এসেছে সংগঠনের নিজস্ব উদ্যোগ ও সরকারি সহায়তা থেকে, আর ভবিষ্যতে আরও বড় আকারে আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
অংশগ্রহণকারী ভেটেরিনারি চিকিৎসকেরা জানান, মূলত রেবিস প্রতিরোধে ভ্যাকসিন প্রদান করা হলেও চিকিৎসা সেবায় বেশি পাওয়া গেছে কৃমিজনিত সমস্যা, ত্বকের রোগ ও আঘাতজনিত জটিলতা। তারা বলেন, আগের তুলনায় প্রাণীর মালিকরা এখন অনেক বেশি সচেতন হচ্ছেন। প্রতিরোধমূলক ভ্যাকসিনেশনের প্রতি তাদের আগ্রহ বেড়েছে।
এদিকে স্থানীয় পোষা প্রাণীর মালিকরা বিনামূল্যে ভ্যাকসিন ও চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, সাধারণ সময়ে ভ্যাকসিন ও চিকিৎসার খরচ অনেকের জন্যই কষ্টকর হয়ে ওঠে। ফ্রি ক্যাম্প তাদের জন্য সত্যিকারের আশীর্বাদ। তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে পোষা প্রাণী পালনে আরও উৎসাহিত হবেন।






