সারাদেশ

হবিগঞ্জে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও যানবাহন জব্দ, ৫ জন গ্রেফতার

বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান দমন কার্যক্রমে বিজিবি আপোষহীনভাবে কাজ করে যাচ্ছে। সরাইল রিজিয়ন ও শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় সফল এক যৌথ অভিযান পরিচালনা করেছে।

গত ২৬ সেপ্টেম্বর ২০২৫, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ সদর থানাধীন লস্করপুর গ্রামের পাকা রাস্তায় স্থাপিত চেকপোস্টে অভিযান চালানো হয়। এসময় সিলেট থেকে ঢাকাগামী দুইটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি করলে লাকড়ির নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, অরিও বিস্কুট, কিটক্যাট, স্নিকার, ডেইরি মিল্ক, পার্ক, বেঞ্জো ও মাঞ্চ চকলেটসহ বিভিন্ন ভোগ্যপণ্য। এসময় চোরাচালানে ব্যবহৃত দুইটি পিকআপ জব্দ করা হয় এবং সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। আটককৃত পণ্য ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য ২০ লক্ষাধিক টাকা।

অভিযান প্রসঙ্গে ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে র‍্যাবের সাথে যৌথ অভিযানে লাকড়ির আড়ালে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। বিজিবি জনগণের আস্থার প্রতীক, আর সেই আস্থা অটুট রাখতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”

জব্দকৃত পণ্য, যানবাহন ও আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে চোরাচালানী চক্র শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিজিবি।

Leave a Reply