কক্সবাজার ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
অভিযানের সময় কক্সবাজারের সীমান্তবর্তী টেকনাফ উপজেলায় একাধিক স্থানে অভিযান চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া ভারতীয় গার্মেন্টস, গাঁজা, সিগারেটসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এ সময় মোট জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৪ লক্ষ টাকা।
৫৫ বিজিবি’র একাধিক টহল দল পৃথক অভিযানে ০৪ কেজি গাঁজা, একটি সিএনজি চালিত অটোরিকশা এবং বিপুল পরিমাণ ভারতীয় গার্মেন্টস জব্দ করে। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৭,৫০,০০০ টাকা। অপর এক অভিযানে ১,৬০০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১২,০০০ টাকা।
এছাড়াও আরও এক অভিযানে ভারতীয় গার্মেন্টস ও সিগারেটসহ বিভিন্ন পণ্য জব্দ হয়, যার বাজারমূল্য প্রায় ২৬,৪০,০০০ টাকা।
অভিযান প্রসঙ্গে ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল অনিন্দ্য রহমান চৌধুরী জানান, “চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সবসময় সচেষ্ট। দেশের সীমান্ত নিরাপদ রাখতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। কোনো অবস্থাতেই সীমান্ত দিয়ে চোরাচালান হতে দেয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) প্রায় ৬০ কোটি টাকার চোরাচালানি পণ্য, মাদক ও যানবাহন জব্দ করেছে।






