ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মহাসড়ক অবরোধ চলছে। এতে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের রাজধানীর সঙ্গে গোপালগঞ্জসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। ফলে যাত্রী ও পণ্য পরিবহনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
সকালে ভোর থেকে কয়েকশ মানুষ মহাসড়কে বসে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। অবরোধকারীরা জানিয়ে দিয়েছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বে না।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, “অবরোধকারীদের সংখ্যা অনেক বেশি। এত বড় জনসমাগম নিয়ন্ত্রণ করাও পুলিশের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি নির্বাচন কমিশন ভাঙ্গা আসনের সীমানা পুনর্বিন্যাস করে নতুন প্রস্তাবনা প্রকাশ করে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে স্থানীয়রা আন্দোলনে নেমেছে। তারা অভিযোগ করছে, নতুন সীমানা বিভাজন তাদের রাজনৈতিক ও সামাজিক স্বার্থের পরিপন্থী।
অবরোধের কারণে হাজারো যাত্রী পথে আটকা পড়ে ভোগান্তিতে পড়েছে। রাজধানীমুখী বাস, ট্রাক ও মালবাহী যানবাহন আটকে থাকায় পণ্য পরিবহনেও বড় ধরনের প্রভাব পড়ছে। দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় শিশু, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছে। তবে অবরোধকারীরা অনড় অবস্থানে থাকায় বিকল্প কোনো সমাধান এখনো মেলেনি। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ার কথাও জানা গেছে।






