চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও দুই কিশোর আহত হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেইঙ্গার ব্রিজের উপর এই ঘটনা ঘটে। নিহত ওই কিশোরের নাম মো. রিহান উদ্দিন ওরফে মাহিন (১৫)। সে ওই ইউনিয়নের তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে। এ ঘটনায় আহত মানিক ও রাহাতের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে মাহিনসহ তিন কিশোর চেইঙ্গার ব্রিজসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এ সময় প্রতিপক্ষ একটি গ্রুপ তাদের ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিন জন একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নেয়। কিন্তু প্রতিপক্ষ জোরপূর্বক তাদের নিচে নামিয়ে ব্রিজের ওপর বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়। গুরুতর আহত মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে মাহিনকে বাঁচাতে এলে তার বাবা ও মাকেও পিটিয়ে জখম করে হামলাকারীরা।
আহতদের পরিবারের অভিযোগ, মানিক ও রাহাত কেবল আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। পরিকল্পিতভাবে চুরির অজুহাতে তাদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। তারা তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, আজ ভোরে সাগর তালুকদার বাড়ির একটি সড়কের ওপর স্থানীয় ৫ থেকে ৬ জন ছেলে দাঁড়ানো অবস্থায় ছিল। পরে স্থানীয়রা চোর অপবাদ দিয়ে তাদের ধাওয়া দিলে তারা পালাতে থাকে। এদের মধ্যে তিনজন একটি নির্মাণাধীন ঘরের ছাদের ওপর উঠে আশ্রয় নেয়। পরে ধাওয়াকারীরা ওই তিনজনকে ছাদ থেকে নামিয়ে চেইঙ্গার ব্রিজের ওপর নিয়ে মারধর করতে থাকে। এতে ঘটনাস্থলে মাহিন নামে এক কিশোর মারা যায়।
তিনি আরও বলেন, বাকি দুইজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নোমান ও আজাদ নামের দুই যুবককে পুলিশ আটক করে থানা নিয়ে আসে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।






