গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার চাপায় জালাল উদ্দিন নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার বিকেল আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিন শ্রীপুর উপজেলার শান্তিবাগ এলাকার বাসিন্দা ছিলেন এবং শ্রীপুর মডেল থানা থেকে পুলিশ কনস্টেবল পদে অবসর গ্রহণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর থানা মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান এবং মাথায় আঘাতপ্রাপ্ত হন। এ সময় আরেকটি অটোরিকশা তার ওপর দিয়ে উঠে যায়, ফলে তিনি গুরুতর আহত হন।
পথচারীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, তবে পথেই তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে জড়িত অটোরিকশা চালক পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।






