গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে চুনারুঘাট প্রেসক্লাব। বোধবার (১৩আগস্ট) বিকালে চুনারুঘাট থানার সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা সরকারের দুর্বল প্রশাসনিক অবকাঠামোর তীব্র সমালোচনা করে বলেন, ন্যায়বিচার পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে? সঠিক বিচার নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা সতর্ক করে বলেন, এই বিচার না হলে অদূর ভবিষ্যতে জাতির দুর্দশা থামবে না।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন—সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরও বিচার হয়নি বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
চুনারুঘাট প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন- স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।






