সারাদেশ

বাসে যাত্রীকে মারধরের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ২

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের মধ্যে তারিকুল ইসলাম নামে এক যাত্রীকে মারধরের ঘটনার মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সোনাইমুড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের বিজয়নগর গ্রামের প্রয়াত জয়নাল আবেদীনের ছেলে আরিফুল ইসলাম (৩৩) ও ৫নং ওয়ার্ডের মকবুল আহাম্মদের ছেলে জাহিদুল ইসলাম হৃদয় (২৬)।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত ২টায় গুপ্তচরের মাধ্যমে আসামিদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করে সোনাইমুড়ী পৌরসভার একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম জানান, গত সোমবার রাত ১১টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ভরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. তারিকুল ইসলাম (৩১) ঢাকা থেকে লাল সবুজ পরিবহনের একটি বাসে নোয়াখালী আসছিলেন। পথে সোনাইমুড়ী রেলক্রেসিংয়ের সামনে একদল যুবক বাসটির গতিরোধ করে। এরপর তারা বাসের ভেতরে প্রবেশ করে তারিকুল ইসলাম নামে ওই যাত্রীকে বেধড়ক মারধর করে। এ সময় মুঠোফোনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, তারিকুলকে হেলমেট দিয়ে একজনকে আঘাত করছে। এ সময় কয়েকজন মিলে তাকে কিলঘুষি মারতে ও টানা হেঁচড়া করতেও দেখা যায়।

এ ঘটনায় মঙ্গলবার রাতেই তারিকুলের বড় ভাই মাহফুজুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করেন। পরে ভিডিও ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মুখে মাস্ক পরিহিত অবস্থায় বাসের ভেতরে হেলমেট দিয়ে আঘাতকারী আরিফুল ইসলামকে শনাক্ত করে পুলিশ। রাতেই অভিযান চালিয়ে আরিফুলকে এবং জাহিদুল নামে অপর একজনকে এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই আসামিকে সুধারাম মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে নোয়াখালীর চিফ জুাডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম।

উল্লেখ্য, মারধরের শিকার তারিকুল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাকরির পরীক্ষা দেওয়ার জন্য আসছিলেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply