গাজীপুরের শ্রীপুর উপজেলায় ব্যাংকের এটিএম বুথে পোশাক শ্রমিককে ধর্ষণের ঘটনায় মামলার একমাত্র আসামি বুথের নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তথ্য প্রযুক্তির সাহায্যে শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে রাতে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক।
গ্রেপ্তার মো. লিটন ময়মনসিংহের পাগলা থানার ডুবাইল গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে। শ্রীপুরের মুলাইদ গ্রামের আতাব উদ্দিনের বাড়িতে ভাড়ায় থেকে লিটন ফাস্ট সলিউশন লিমিটেড নামের একটি নিরাপত্তা প্রহরী নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।
ওই প্রতিষ্ঠানের কর্মী হিসেবে তিনি শ্রীপুরের এমসি বাজার এলাকার তালহা স্পিনিং মিলের সামনে স্থাপন করা ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে দায়িত্বরত ছিলেন। রোববার সকালে বেশি বেতনের চাকরি দেওয়ার কথা বলে এক পোশাক শ্রমিককে ওই এটিএম বুথে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
ভুক্তভোগী কিশোরী নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বাসিন্দা। সে মা-বাবার সঙ্গে শ্রীপুরের একটি গ্রামে ভাড়া বাড়িতে থাকে।






