সারাদেশ

নরসিংদীতে বাস-মাইক্রোবাস-সিএনজির ত্রিমুখী সংঘর্ষ, শিশুর মৃত্যু

নরসিংদীতে বাস, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তৃষা (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১০ জন।

রোববার (১৫ জুন) দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের পাঁচদোনার চাকশাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৃষা রায়পুরা উপজেলার বাঁশগাড়ী এলাকার সেলিম মিয়ার ছেলে। সে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ‘যাতায়াত পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে দুপুর ১২টার দিকে পাঁচদোনার চাকশাল মোড়ে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বাসটি একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশা ও মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী তৃষার মৃত্যু হয়। অটোরিকশা ও মাইক্রোবাসে থাকা আরও ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতাল, সদর হাসপাতাল এবং ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালে নিয়ে যান।

মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, বাস, মাইক্রোবাসের ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজ ডেস্ক:

Leave a Reply