সারাদেশ

স্ত্রীকে হত্যার পর ৯৯৯ এ কল, বগুড়া থেকে স্বামী গ্রেপ্তার

সাভারের হেমায়েতপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর ৯৯৯-এ কল করে পুলিশকে লাশ নিয়ে যেতে বলা স্বামী সাজ্জাদ হোসেন মানিককে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (১৭ মে) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র‍্যাব-৪ এর উপ-পরিচালক মেজর জালিস মাহমুদ খান।

এর আগে, শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় বগুড়া জেলার দুপচাঁচিয়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেন মানিক নওগাঁ জেলা সদরের আক্কাস আলী মোল্লার ছেলে।

তিনি হত্যার উদ্দেশ্যে নওগাঁ থেকে বেড়ানোর কথা বলে স্ত্রীকে সাভারে নিয়ে আসেন। অন্যদিকে নিহত স্ত্রীর রুমানা আক্তার (১৮) রংপুর জেলার পীরগাছা থানার সোনারায় গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে। 

র‍্যাব জানায়, নিহত রুমানা আক্তারের সঙ্গে সাজ্জাদের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। এরপর উভয় পরিবারের সম্মতিতে গত বছরের ৩০ জুলাই তাদের বিয়ে হয়।

বিয়ের পর থেকে রুমানা স্বামীর সঙ্গে নওগাঁয় শ্বশুরবাড়িতে বসবাস করতে থাকেন। এসময় তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। 

এর জেরে সাজ্জাদ তার স্ত্রী রুমানাকে কারণে অকারণে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করতে থাকেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিক বার শালিশ দরবার হয়।

এরপর গত ১০ এপ্রিল সাজ্জাদ হোসেন স্ত্রী রুমানাকে নিয়ে বড় ভাইয়ের ভাড়া বাসা সাভারে বেড়াতে আসেন। গত ২৩ এপ্রিল সকাল ৯ টার দিকে রুমানার বাবা জানতে পারেন তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

খবর পেয়ে রুমানার বাবা ঘটনাস্থলে এসে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন সকাল সাড়ে ৮ টা থেকে ৯ টার মধ্যে তার তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে লাশ উদ্ধার করতে বলে পালিয়ে যায় স্বামী সাজ্জাদ হোসেন। এঘটনায় রুমানার বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সিপিসি-২, র‍্যাব-৪ এর উপ-পরিচালক মেজর জালিস মাহমুদ খান বলেন, হত্যা মামলা দায়েরের পর থেকেই এর ছায়াতদন্ত শুরু করে র‍্যাব-৪। এর ধারাবাহিকতায় র‍্যাব-৪ ও র‍্যাব-১২ এর যৌথ অভিযানে শুক্রবার বগুড়া থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছেন পারিবারিক কলহের জেরে নিজ স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজ ডেস্ক:

Leave a Reply