বাগেরহাটের শরণখোলায় একটি চিত্রা হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুর ১২টার দিকে গ্রামবাসীর সহযোগিতায় ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার টিমের (ভিটিআরটি) সদস্যরা হরিণটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন। পরে হরিণটি বনে অবমুক্ত করা হয়।
ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, সুন্দরবনের ভোলা নদী সাঁতরে হরিণটি গ্রামের প্রায় তিন কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে।
ধারণা করা হচ্ছে, দলছুট হয়ে অথবা বাঘের তাড়া খেয়ে হরিণটি বন থেকে লোকালয়ে চলে এসেছে।
পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, ‘দুপুর সাড়ে ১২ টার দিকে হরিণটি বনে অনমুক্ত করা হয়েছে। ভাটির সময় সুন্দরবনের ভোলাসহ বিভিন্ন নদীর চরে নেমে অসংখ্য হরিণ ঘাস, লতাপাতা খায়।
তিনি আরো বলেন, ‘এক সময় হিংস্র কোনো বন্যপ্রাণী লোকালয়ে আসলে পিটিয়ে মেরে ফেলতো গ্রামবাসী। হরিণ পেলে জবাই করে মাংস ভাগবাটোয়ারা করে নিত।
সেই চিত্র এখন আর দেখা যায় না। বন বিভাগের নানা উদ্যোগে বনের পাশের বাসিন্দাদের নিয়ে জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন সংগঠন গড়ে তোলা হয়েছে। গ্রামের মানুষ এখন অনেক সচেতন। যে প্রাণিই হোক, তাকে না মেরে এখন বন বিভাগকে খবর দেয় তারা।’






