ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। আটক করে তাঁদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় পরপর টিএসসি) এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনেও একটি ককটেল বিস্ফোরিত হয়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, টিএসসি এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই দুই ব্যক্তি। মেট্রোরেল-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর সময় তাদের আটক করা হয়। এ সময় উপস্থিত লোকজন তাদের মারধর করেন।
ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আটক দুজনের পরিচয়ও বিস্তারিত জানা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং গণমাধ্যমকে বলেন, টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর শিক্ষার্থীরা ২ জনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করে। তাদের প্রক্টর অফিসে নিয়ে আসা হচ্ছে। ইতোমধ্যেই শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে পরিস্থিতি বুঝার চেষ্টা করছি।






