রাজধানী

মিরপুরে চেকপোস্টে বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক

রাজধানীর মিরপুরের পল্লবীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টাকালে দুই মোটরসাইকেল আরোহীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার গণমাধ্যমকে এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা যায়, পল্লবী ফাঁড়ির আইসি সাব-ইন্সপেক্টর অহিদুজ্জামানের নেতৃত্বে চেকপোস্ট চলাকালে সন্দেহজনক দুই মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দেওয়া হয়। তাঁরা সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন মশিউল আজম অরিন (৩৬) ও শান্ত ইসলাম (২৭)। পরে তল্লাশি চালিয়ে অরিনের হেফাজত থেকে পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

Leave a Reply