ক্যান্সার গবেষণা জোরদার, আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ ও রোগীদের জন্য সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার।
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে বক্তব্যে তিনি বলেন, ক্যান্সারের চিকিৎসার জন্য বাংলাদেশিদের কেন ভারতে গিয়ে লাখ লাখ টাকা ব্যয় করতে হবে? দেশে উন্নত গবেষণা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে বিদেশমুখী হওয়ার প্রবণতা কমবে এবং দেশের অর্থ দেশেই থাকবে।
তিনি বলেন, ক্যান্সার মোকাবিলায় গবেষণা, জনসচেতনতা, দ্রুত রোগ শনাক্তকরণ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
নিজের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগ করে ডা. সরওয়ার বলেন, বিরোধিতা সত্ত্বেও তিনি ক্যান্সার নিয়ে গবেষণা ও মানুষের সেবা অব্যাহত রাখবেন। রোগী ও শুভাকাঙ্ক্ষীদের অন্যের কথায় প্রভাবিত না হয়ে তথ্যের সত্যতা যাচাই করার আহ্বান জানান তিনি।
নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যান্সারসহ বিভিন্ন ক্যান্সারের ঝুঁকি কমাতে সচেতনতা, উপযুক্ত স্ক্রিনিং ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের ওপর গুরুত্বারোপ করা হয়। স্তনে নতুন চাকা, অস্বাভাবিক রক্তপাত, দীর্ঘস্থায়ী পেটব্যথা বা অকারণে ওজন কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তবে এসব লক্ষণ থাকলেই ক্যান্সার হয়েছে, এমন নয়।
ক্যান্সারের চিকিৎসায় আর্থিক চাপ কমাতে দেশে আধুনিক রোগ নির্ণয়ব্যবস্থা, দক্ষ চিকিৎসক, উন্নত প্রযুক্তি, প্রয়োজনীয় ওষুধ ও গবেষণার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি তামাক ও ধূমপান পরিহার, স্বাস্থ্যকর জীবনযাপন, এইচপিভি টিকা এবং জরায়ুমুখের ক্যান্সার স্ক্রিনিংয়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
দেশের মানুষের জন্য সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার, চিকিৎসক, গবেষক, বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান ডা. এস এম সরওয়ার।






