রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল ও আশপাশের সড়কের তীব্র যানজট নিরসন এবং যাত্রীসেবার মান উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, টার্মিনাল থেকে নির্ধারিত ট্রিপের বাস ছাড়া অন্য সব অতিরিক্ত বাস রাজধানীর ৩০০ ফিট এলাকার ৩ নম্বর সেক্টরে অবস্থিত বাস ডিপোতে পাঠানো হচ্ছে। এতে টার্মিনাল ও সংলগ্ন সড়কে বাসের চাপ কমে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত টার্মিনাল এলাকায় সরেজমিনে থেকে এ কার্যক্রম তদারকি করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা। সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানের নেতৃত্বে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা সার্বিক শৃঙ্খলা রক্ষায় অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টার্মিনালের অব্যবস্থাপনা দূর করা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সড়ক যানজটমুক্ত রাখতে গত ১৫ কর্মদিবস ধরে ধারাবাহিকভাবে কাজ চলছে। বাসের নিয়মমাফিক পার্কিং, অপ্রয়োজনীয় অবস্থান রোধ এবং যাত্রী ওঠানামায় শৃঙ্খলা ফেরানোর ফলে ইতোমধ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে।
রবিবার সকালে টার্মিনালের বিভিন্ন কাউন্টার পরিদর্শন করেন হুমায়ুন কবির খান। তিনি সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলে সেবার মান ও সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন এবং পরিবহন কর্মীদের দিকনির্দেশনা দেন। পরিদর্শন শেষে তিনি বলেন, “মহাখালী বাস টার্মিনালকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও যাত্রীবান্ধব করতে মালিক, শ্রমিক ও যাত্রী—সবার সহযোগিতা প্রয়োজন। এটি এক দিনের কাজ নয়; নিয়মিত তদারকির মাধ্যমে এই শৃঙ্খলা স্থায়ী করা হবে।”
মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে এবং সবার সমন্বিত প্রচেষ্টায় টার্মিনালের পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
এদিকে, টার্মিনাল শ্রমিক ইউনিয়ন কমিটির কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে। গতকালের এক সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সময়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানের তত্ত্বাবধানে মহাখালী টার্মিনালের সার্বিক পরিচালনা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
পরিদর্শনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউসুফ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের জাকির এবং মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম বাবুলসহ স্থানীয় পরিবহন নেতৃবৃন্দ।
পরিবহন সংশ্লিষ্টদের আশা, ৩০০ ফিটের নির্ধারিত ডিপো ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা অভিযান এবং নিয়মিত মনিটরিং অব্যাহত থাকলে মহাখালী ও এর সংলগ্ন রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট অনেকাংশে কমে আসবে।






