রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৫০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৫৩টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির নিয়মিত অপরাধবিরোধী ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিভিন্ন বিভাগে এলাকাভিত্তিক তল্লাশি ও অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ৩২ হাজার ১৬১ পিস ইয়াবা, ২০ কেজি ৭১১ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন, ১৭টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার ও একটি সিএনজি উদ্ধার করা হয়। অভিযানকালে অপহৃত বা নিখোঁজ এক ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে, মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মতিঝিল বিভাগ থেকে ৭৫ জন, ওয়ারী বিভাগ থেকে ৭২ জন, উত্তরা বিভাগ থেকে ৭০ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৩ জন, গুলশান বিভাগ থেকে ৪২ জন, রমনা বিভাগ থেকে ৩৫ জন এবং লালবাগ বিভাগ থেকে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) আরও চারজনকে গ্রেপ্তার করে।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী জানান, আলামত ও অবৈধ মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






