রাজধানী

নগর উন্নয়নের নামে দুর্ভোগে লালকুঠি তৃতীয় কলোনির বাসিন্দারা

রাস্তাজুড়ে নির্মাণসামগ্রী ও আবর্জনার স্তূপ, উঁচু স্ল্যাব ও অসমাপ্ত ঢালাইয়ে ভোগান্তিতে ১০ নম্বর ওয়ার্ডের মানুষ

রাজধানীর মিরপুর দারুস সালাম থানাধীন লালকুঠি তৃতীয় কলোনির ১০ নম্বর ওয়ার্ডে নগর উন্নয়ন কাজের কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার বিভিন্ন স্থানে পড়ে থাকা নির্মাণসামগ্রী, ময়লা-আবর্জনা, জমে থাকা পানি এবং অসমাপ্ত কাজের কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, এলাকার সরু সড়কের বিভিন্ন অংশজুড়ে ইট, ভাঙা নির্মাণসামগ্রী ও আবর্জনা পড়ে আছে। রাস্তার কিছু অংশে কাজ শেষ না হওয়ায় সৃষ্টি হয়েছে উঁচু-নিচু অবস্থা। সামান্য বৃষ্টিতেই কাদা ও নোংরা পানির সৃষ্টি হচ্ছে। এতে পথচারী, শিশু, নারী ও বয়স্কদের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে।


স্থানীয়দের অভিযোগ, রাস্তার উচ্চতা বাড়িয়ে অতিরিক্ত উঁচু স্ল্যাব তৈরি করা হলেও এখনো পুরো রাস্তা সঠিকভাবে ঢালাই ও সমতল করা হয়নি। ফলে বিশেষ করে অসুস্থ রোগী, বয়স্ক ও জরুরি প্রয়োজনে চলাচলকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় রোগী বহনের গাড়ি ও অ্যাম্বুলেন্স চলাচলেও সমস্যার সৃষ্টি হচ্ছে বলে জানান এলাকাবাসী।
বাসিন্দারা জানান, রাস্তা পরিষ্কার না করায় দুর্গন্ধ ছড়াচ্ছে, বাড়ছে মশার উপদ্রব এবং তৈরি হচ্ছে স্বাস্থ্যঝুঁকি। উন্নয়ন কাজ মানুষের সুবিধার জন্য হলেও কাজের পর যথাযথ ব্যবস্থাপনা ও তদারকির অভাবে এখন সেটিই জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত নির্মাণসামগ্রী ও আবর্জনা সরিয়ে রাস্তা চলাচলের উপযোগী করা, অসমাপ্ত ঢালাই সম্পন্ন করা এবং অতিরিক্ত উঁচু স্ল্যাবের সমস্যার সমাধান করা হোক।


এ বিষয়ে রোড সংস্কার কাজের ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। দ্রুত কাজ শেষ করার এবং সমস্যার সমাধানের চেষ্টা করছি।”
এলাকাবাসী জানান, বিষয়টি নিয়ে তারা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনের দৃষ্টি আকর্ষণ করেছেন। দ্রুত সরেজমিনে পরিদর্শন করে রাস্তার অসমাপ্ত কাজ, অতিরিক্ত উঁচু স্ল্যাব ও চলাচলের প্রতিবন্ধকতা দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়রা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে জনদুর্ভোগ কমাতে উদ্যোগী হবেন।

Leave a Reply