রাজধানী

মাদকসহ আটক অটোরিকশাচালককে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

রাজধানীর মিরপুরের দারুসসালাম থানাধীন দ্বিতীয় কলোনির গাবতলী পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক এক অটোরিকশাচালককে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মাদকসহ আটক সোহেল নামের এক অটোরিকশাচালককে মোট ৫ হাজার টাকার বিনিময়ে মুক্তি দেওয়া হয়।

ভুক্তভোগী সোহেলের দাবি, তার অটোরিকশা ছেড়ে দিতে ৩ হাজার টাকা এবং তাকে মুক্তি দিতে আরও ২ হাজার টাকা নেওয়া হয়। তিনি জানান, মোট ৫ হাজার টাকা দেওয়ার পরও তাকে কিছু সময় পুলিশ ফাঁড়িতে আটকে রাখা হয় এবং বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়।

এলাকাবাসীর অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তাদের দাবি, এর আগেও মাদকসহ আটক দুই আসামিকে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে দারুসসালাম থানা থেকে একজন ইন্সপেক্টর, একজন সাব-ইন্সপেক্টর (এসআই) এবং একজন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছিল।

একাধিক স্থানীয় বাসিন্দার অভিযোগ, গাবতলী পুলিশ ফাঁড়িতে বিভিন্ন অপরাধে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনেক ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণের পরিবর্তে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার প্রবণতা রয়েছে। তবে বর্তমান অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল অভিযোগগুলোর নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তারা।

এ ঘটনায় জড়িত বলে অভিযোগ থাকা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও তাদের সহযোগীদের ভূমিকা, অভিযোগের নেপথ্যের তথ্য-উপাত্ত এবং সম্ভাব্য অনিয়মের বিভিন্ন দিক নিয়ে প্রকাশিত হবে এই অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্ব।

এ বিষয়ে জানতে গাবতলী পুলিশ ফাঁড়ির কর্তব্যরত ইনচার্জ কাজি রায়হানুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply