আবাসিক হোস্টেলের সংকট নিরসনের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন আবাসিক হোস্টেলের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন ইন্টার্ন চিকিৎসকরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আবাসিক হোস্টেলে নানা ধরনের অব্যবস্থাপনা ও অবকাঠামোগত সংকট বিরাজ করছে। বিশেষ করে কক্ষের সংকট, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, নিরাপত্তা সমস্যা এবং নিত্যপ্রয়োজনীয় সুবিধার ঘাটতির কারণে ইন্টার্ন চিকিৎসকদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগী এক ইন্টার্ন চিকিৎসক বলেন, “আমরা দিন-রাত রোগীদের সেবা দিয়ে যাচ্ছি, কিন্তু নিজেরা ন্যূনতম বাসযোগ্য পরিবেশ পাচ্ছি না। একটি কক্ষে একাধিকজন থাকতে হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, এমনকি বিশুদ্ধ পানিরও সংকট রয়েছে। এই পরিস্থিতি আমাদের মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।”
মানববন্ধনে অংশ নেওয়া আরেক চিকিৎসক বলেন, “ইন্টার্নশিপের সময়টাতে আমাদের উপর কাজের চাপ অনেক বেশি থাকে। কিন্তু বিশ্রামের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ না থাকলে সঠিকভাবে দায়িত্ব পালন করাও কঠিন হয়ে পড়ে।”
মানবাধিকার সংশ্লিষ্ট একজন বক্তা বলেন, “চিকিৎসকদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা মৌলিক অধিকার। যারা মানুষের জীবন রক্ষায় কাজ করছেন, তাদের ন্যূনতম বাসযোগ্য পরিবেশ নিশ্চিত না করা মানবাধিকারের পরিপন্থী। বিষয়টি দ্রুত সমাধান করা জরুরি।”
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, “বর্তমান অবকাঠামো অনুযায়ী আমাদের জায়গার সীমাবদ্ধতা রয়েছে। পর্যাপ্ত স্থান না থাকায় নতুন করে আবাসন ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ছে। তবে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের
সঙ্গে আলোচনা চলছে এবং সমাধানের চেষ্টা করা হচ্ছে।”
বক্তারা বলেন, চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি ইন্টার্নদের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা নানা ভোগান্তির শিকার হচ্ছেন, যা তাদের কাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে আবাসিক হোস্টেলের সমস্যাগুলো সমাধানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান। তারা সতর্ক করে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে।






