রাজধানী

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের লিগ্যাল নোটিশ, মিথ্যা চাপ প্রয়োগের অভিযোগ

ডা. মাঈদুল ইসলাম মুকুলের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের পর ‘ম্যানেজ’ চেষ্টায় ব্যর্থ হয়ে আইনি নোটিশ; তিন দিনের মধ্যে প্রতিবেদন প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আল্টিমেটাম

দৈনিক আমাদের সমাচার অনলাইন মাল্টিমিডিয়ায় বস্তুনিষ্ঠ তথ্য-প্রমাণের ভিত্তিতে গত ১৯ মার্চ ২০২৬ তারিখে “বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অনৈতিক সম্পর্কের অভিযোগে আলোচনায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক মাঈদুল” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে, ৬ এপ্রিল ২০২৬ তারিখে “সোহরাওয়ার্দী মেডিকেলে ডাক্তার মাঈদুল ইসলাম মুকুলের বিরুদ্ধে প্রেমের ফাঁদ, ব্ল্যাকমেইল ও অর্থ আত্মসাতের অভিযোগ” শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

এছাড়া, গত ১৪ এপ্রিল ও ১৯ এপ্রিল ২০২৬ তারিখে দৈনিক আমাদের সমাচার অনলাইন মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে ভুক্তভোগী লুবনা আক্তার আলোর লাইভ প্রচার করা হয়, যেখানে তিনি তার অভিযোগসমূহ বিস্তারিতভাবে উপস্থাপন করেন।

উক্ত প্রতিবেদনসমূহ প্রকাশের পর অভিযুক্ত ডাক্তার মাঈদুল ইসলাম মুকুল বিভিন্নভাবে প্রতিবেদককে প্রভাবিত করার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, তিনি একাধিকবার ফোনে ও সরাসরি বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের মাধ্যমে প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন। এমনকি ব্যর্থ হয়ে তিনি তার ঘনিষ্ঠ লোকজনকেও পাঠান সাংবাদিককে প্রভাবিত করার উদ্দেশ্যে। তবে এসব প্রচেষ্টা সফল হয়নি।

এ বিষয়ে প্রতিবেদকের কাছে অভিযুক্ত ব্যক্তির একাধিকবার বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের মাধ্যমে যোগাযোগ ও প্রভাব বিস্তারের চেষ্টার যথেষ্ট তথ্য-প্রমাণ সংরক্ষিত রয়েছে।

পরবর্তীতে, ২০ এপ্রিল ২০২৬ তারিখে অভিযুক্ত ডাক্তার মাঈদুল ইসলাম মুকুল মহানগর দায়রা জজ কোর্ট থেকে পত্রিকার প্রধান সম্পাদক ও প্রধান প্রতিবেদকের নিকট একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। উক্ত নোটিশে প্রতিবেদক ও সম্পাদকের বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তির নিকট থেকে অবৈধভাবে অর্থ দাবি করার অভিযোগ আনা হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

নোটিশে আরও উল্লেখ করা হয় যে, উক্ত নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা করতে হবে; অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুমকি প্রদান করা হয়।

উল্লেখ্য, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এনে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হলেও, সংশ্লিষ্ট প্রতিবেদনসমূহের পক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ বিদ্যমান রয়েছে।

Leave a Reply