রাজধানী

বাংলাদেশ কৃষি ব্যাংকে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ), বি-৯৮৫-এর উদ্যোগে বর্ণিল আয়োজনে প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। রাজধানীর মতিঝিলে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।

গ্রামীণ বাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির বিভিন্ন প্রতীক এই আয়োজনে বিশেষভাবে তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

প্রধান কার্যালয়ে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত, নজরুলগীতি ও লোকসংগীত। শিল্পীদের পরিবেশনায় পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর ও আনন্দঘন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সঞ্চিয়া বিনতে আলী, মহাব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন) জনাব আবু সাঈদ মোঃ রওশানুল হক, ডিএমডি জনাব আঃ রহিম, জনাব খালেকুজ্জামান, ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশনের সভাপতি জনাব রফিকুল ইসলাম, সিবিএ সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন। এ ছাড়া শ্রমিক দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিথিরা বলেন, পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়; এটি আমাদের জাতিসত্তা, ঐক্য ও সাংস্কৃতিক চেতনার প্রতীক। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, বাংলা নববর্ষ আমাদের নতুন করে পথচলার প্রেরণা জোগায়। পুরোনো বছরের গ্লানি ভুলে নতুন উদ্যমে কাজ করার অঙ্গীকারই হোক এবারের বৈশাখের মূল বার্তা। পাশাপাশি গ্রাহকসেবায় আরও আন্তরিক ও উন্নত সেবা প্রদানের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ, পিঠাপুলি ও বিভিন্ন দেশীয় খাবারের আয়োজন ছিল, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত, আনন্দঘন ও স্মরণীয়।

পহেলা বৈশাখের এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংক আবারও প্রমাণ করেছে, আধুনিকতার ছোঁয়ার মধ্যেও বাঙালির শেকড়ের সঙ্গে তাদের গভীর সংযোগ অটুট রয়েছে। নতুন বছরের এই শুভ সূচনায় সবার মাঝে ছড়িয়ে পড়ে আনন্দ, সম্প্রীতি ও আশার নতুন আলো।

Leave a Reply