রাজধানী

ভুয়া পরিচয়ে প্রতারণা ঠেকাতে সিআইডিতে চালু হচ্ছে কিউআর কোডযুক্ত আধুনিক ডিউটি ভেস্ট

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডির সদস্যদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর অফিসিয়াল ডিউটি ভেস্ট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম-এর উদ্যোগে এই ভেস্ট ধাপে ধাপে বিভাগের সব ইউনিটে সরবরাহ করা হবে।

সাম্প্রতিক সময়ে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণার কয়েকটি ঘটনা সামনে আসায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। অতীতে বিভিন্ন অপরাধী চক্র সিআইডি সদস্য সেজে সাধারণ মানুষের বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালানো, ভয়ভীতি দেখানো এবং অর্থ হাতিয়ে নেওয়ার মতো অপরাধ করেছে। নতুন অফিসিয়াল ডিউটি ভেস্ট ব্যবহারের মাধ্যমে প্রকৃত সদস্যদের সহজে শনাক্ত করা সম্ভব হবে এবং এ ধরনের প্রতারণা রোধ করা সহজ হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

নতুন ভেস্টের অন্যতম বৈশিষ্ট্য হলো এতে যুক্ত করা হয়েছে কিউআর (QR) কোডভিত্তিক যাচাইকরণ ব্যবস্থা। কোনো ব্যক্তি সন্দেহ হলে ভেস্টে থাকা কিউআর কোড স্ক্যান করে সরাসরি সিআইডি সদরদপ্তরের সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট কর্মকর্তার পরিচয় নিশ্চিত করা যাবে। এতে ভুয়া পরিচয়ে প্রতারণার সুযোগ অনেকটাই কমে যাবে।

নিরাপত্তার দিকটিও গুরুত্ব দিয়ে ভেস্টে সংযোজন করা হয়েছে রিফ্লেকটিভ টেপ ও ফ্লোরোসেন্ট প্রিন্ট। ফলে রাত বা স্বল্প আলোতেও সদস্যদের উপস্থিতি দূর থেকে স্পষ্ট দেখা যাবে। এতে সড়কে বা অভিযান পরিচালনার সময় দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং সদস্যদের দ্রুত শনাক্ত করা সহজ হবে।
আরাম ও পেশাদারিত্ব বজায় রাখতে ভেস্টটি তৈরি করা হয়েছে পরিবেশ-সহনশীল ও আরামদায়ক উপকরণ দিয়ে, যাতে দীর্ঘ সময় দায়িত্ব পালন করলেও অসুবিধা না হয়। এতে সিআইডি ও বাংলাদেশ পুলিশের নতুন লোগো সংযোজন করা হয়েছে এবং বোতাম ও জিপারেও ‘CID’ লেখা রয়েছে, যা ইউনিটের স্বাতন্ত্র্যকে আরও দৃশ্যমান করেছে।
সিআইডি প্রধান জানিয়েছেন, পর্যায়ক্রমে বিভাগের সব ইউনিটে এই আধুনিক ডিউটি ভেস্ট সরবরাহ করা হবে এবং আভিযানিক কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সময় এটি পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply