রাজধানী

বাংলাদেশ কৃষি ব্যাংকে নির্বাচন-পরবর্তী শৃঙ্খলা রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো সিবিএ

জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল সমর্থনে বিজয় অর্জনের পর বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। এ উপলক্ষে রবিবার সকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত সংগঠন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) মিষ্টিমুখের আয়োজন করে।

তবে এ সময় ৫ আগস্টের পর গঠিত আওয়ামী সুবিধাভোগী একটি গোষ্ঠী ‘জিয়া পরিষদ’-এর নামে ব্যাংকের পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে প্রধান কার্যালয়ে জড়ো হয়। অতীতে শাস্তিপ্রাপ্ত কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা পুনরায় ব্যাংকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে এবং উসকানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়। তারা সরকারি নিয়ম-কানুন লঙ্ঘন করে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ব্যাংকের নির্বাহীদের খোঁজ করতে থাকে। এর ফলে ব্যাংক ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) তাৎক্ষণিকভাবে তাদের পূর্বঘোষিত মিষ্টিমুখ কর্মসূচি বাতিল করে। সংঘাত এড়ানোর লক্ষ্যে সবাইকে নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেয় সংগঠনটি।

এ সময় সিবিএ সভাপতি জনাব ফয়েজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক জনাব মো. মিরাজ হোসেন সবাইকে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান। তাঁদের এই দায়িত্বশীল নেতৃত্বকে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, অতীতে এই গোষ্ঠী ‘জিয়া পরিষদ’-এর নামে বিএনপির মূল শক্তিকে দুর্বল করার উদ্দেশ্যে মিথ্যা মামলা ও নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা ব্যাংকের নিয়ম-শৃঙ্খলা মানতে অভ্যস্ত নয় বলেও অভিযোগ করেন সংশ্লিষ্টরা।
সিবিএ সভাপতি বলেন, “গত দেড় বছরে সিবিএর সহায়তায় ব্যাংকের আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও রেমিট্যান্স আহরণে রেকর্ড সৃষ্টি হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে যাতে কৃষি ব্যাংক এগিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।”

সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন বলেন, “এই ব্যাংক জনগণের। জনগণের ব্যাংক রক্ষা করাই আমাদের দায়িত্ব। কোনো উসকানিতে পা দিয়ে আমরা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাই না।”

তিনি আরও বলেন, “যেসব উচ্চপদস্থ কর্মকর্তা সরকারি বিধিবিধান অমান্য করে নিজ নিজ দায়িত্ব ফেলে প্রধান কার্যালয়ে এসে পরিস্থিতি ঘোলাটে করছেন, তাদের বিরুদ্ধে ব্যাংকের নিয়ম অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।”

সার্বিকভাবে নির্বাচন-পরবর্তী সময়ে সংযম, দায়িত্ববোধ ও শৃঙ্খলা বজায় রেখে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা প্রশংসার দাবি রাখে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

Leave a Reply