রাজধানী

লালকুঠিতে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ

২টা ৪৫ মিনিট থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত উত্তপ্ত এলাকা, দু’জন গুরুতর আহত
সিসিটিভি ফুটেজ সংগ্রহে তদন্তকারী কর্মকর্তার অফিসিয়াল আবেদনে ফুটেজ হস্তান্তর

রাজধানীর লালকুঠি তৃতীয় কলনি এলাকায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরম সহিংসতায় রূপ নিয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টা ৪৫ মিনিট থেকে বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিট পর্যন্ত টানা দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে পুরো এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের সূত্রপাত হয় বিএনপি নেতা মাকসুদের বাসার সামনে হারুন ওরফে ফরমা হারুনকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে। দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে কয়েকজন ব্যক্তি হারুনকে মারধর করে ঘটনাস্থল ত্যাগ করলে তাৎক্ষণিকভাবে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।


এরপরই ওই উত্তেজনা বিএনপির দুইটি গ্রুপের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েন।
এই সংঘর্ষে অন্তত দু’জন গুরুতর আহত হন। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই মারধরের শিকার হারুন ওরফে ফরমা হারুন পলাতক রয়েছেন বলে জানা গেছে।


এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে সংঘর্ষে জড়িত উভয় পক্ষই পাল্টাপাল্টি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
ঘটনার তদন্তে নেমে সংশ্লিষ্ট থানার তদন্তকারী কর্মকর্তা দৈনিক আমাদের সমাচার পত্রিকার অনলাইন মাল্টিমিডিয়া বিভাগে উপস্থিত হয়ে ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য প্রথমে মৌখিকভাবে অনুরোধ জানান। পরবর্তীতে নির্ধারিত আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তদন্তকারী কর্মকর্তা অফিসিয়ালভাবে লিখিত আবেদন (অফিসিয়াল এপ্লিকেশন) দাখিল করেন।
আবেদন পাওয়ার পর দৈনিক আমাদের সমাচার অনলাইন মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সংঘর্ষের সময়কার সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ তদন্তকারী কর্মকর্তার নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে পত্রিকা কর্তৃপক্ষ।


ঘটনাটি ঘিরে এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply