রাজধানী

খালেদা জিয়ার এক ঘোষণায় থেমেছিল দখলদারিত্ব: বিআইডব্লিউটিসিতে স্মরণসভায় মির্জা আব্বাস

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়নের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর বাংলামটরে বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয় ফেয়ারলী হাউজে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেন, “গীবত, অপপ্রচার ও ষড়যন্ত্র দিয়ে কেউ কখনো বড় হতে পারে না। এসবের জবাব জনগণ ব্যালটের মাধ্যমেই দেবে।”
খালেদা জিয়ার সঙ্গে বিআইডব্লিউটিসির বিশেষ সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, ফেয়ারলী হাউজ দখলের অপচেষ্টা চালানো হলে বিষয়টি বেগম খালেদা জিয়ার নজরে আনা হয়। পরবর্তীতে পল্টন ময়দানের জনসভা থেকে তাঁর স্পষ্ট ঘোষণার পরই সরকারি জায়গা দখলের অপচেষ্টা বন্ধ হয়। এতে বিআইডব্লিউটিসি ও সরকারের অংশ ফেয়ারলী হাউজ দখলমুক্ত হয় বলে জানান তিনি।
মির্জা আব্বাস বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিক নন, তিনি দেশের মানুষের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন।” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর সৃষ্ট নেতৃত্বের শূন্যতা তিনিই পূরণ করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, আজ তিনি শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তাঁর আদর্শ অনুসরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দল ও দেশকে এগিয়ে নিচ্ছেন।
আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, একটি চক্র পরিকল্পিতভাবে নির্বাচনকে বিতর্কিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ও বট ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। তবে ঢাকা-৮ আসনের ভোটাররা সচেতন এবং ধানের শীষে ভোট দিয়েই এর উপযুক্ত জবাব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নিজের নির্বাচনী এলাকার সঙ্গে আত্মিক সম্পর্কের কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, তিনি এই এলাকার সন্তান, এখানেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। মানুষের কল্যাণে আজীবন কাজ করেছেন এবং ভবিষ্যতেও সে ধারা অব্যাহত রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়নের নেতাকর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান।
বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি নিয়াজ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিকদলের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সদস্য সচিব বদরুল আলম সবুজ, মহানগর উত্তর শ্রমিকদলের সাবেক সভাপতি খন্দকার জুলফিকার মতিনসহ ইউনিয়নের কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply