রাজধানী

র‌্যাবের অভিযানেবিদেশি অস্ত্র, গুলি, ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

“দেশ যখন সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের ভয়াল থাবায় বিপর্যস্ত—ঠিক তখনই ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানকে সামনে রেখে মাঠে নামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। প্রতিষ্ঠালগ্ন থেকেই ঝুঁকিপূর্ণ অভিযান, দুঃসাহসিক গ্রেপ্তার এবং চাঞ্চল্যকর অপরাধের রহস্য উদঘাটনের মাধ্যমে র‌্যাব অপরাধীচক্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। আইনশৃঙ্খলা রক্ষায় এই বাহিনীর কার্যক্রম জনমনে তৈরি করেছে দৃঢ় আস্থা ও প্রত্যাশা।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে র‌্যাব। এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীর পল্লবী ও শাহ আলী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ তিনজন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।
র‌্যাব সূত্রে জানা যায় গত ০১ জানুয়ারি ২০২৬ তারিখ দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল শাহ আলী থানাধীন গোড়ার চটবাড়ি বেড়ীবাধ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তিনজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ফাইজুর রহমান মুক্তি ওরফে ডন মুক্তি (৫৫), শাকির আহম্মেদ সুমন ওরফে হকি সুমন (৪৫) এবং
গোলাম মোস্তাফা কামাল বাপ্পি ওরফে  সুটার বাপ্পি (৪৫)।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলবার, ১টি ম্যাগাজিন এবং ১১ রাউন্ড তাজা গুলি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে মিরপুর, পল্লবী, রূপনগর ও শাহ আলী থানাসহ আশপাশের এলাকায় ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। একই অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবু ওরফে পিচ্চি বাবু (৩৮)-কে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply