রাজধানীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত গাবতলী বাস টার্মিনাল এলাকার রোজিনা পেট্রোল পাম্পে রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে আকস্মিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পেট্রোল পাম্পটি ঢাকা মহানগর উত্তরের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আবু তাহের ও তার ভাই রায়হানের মালিকানাধীন বলে জানা গেছে।
হঠাৎ বিস্ফোরণের তীব্র শব্দে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা জোরদার করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পেট্রোল পাম্প ও আশপাশের এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাথমিক তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের কারণ ও এর পেছনে কারা জড়িত—তা জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।






