রাজধানী

আড়াই কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দেশকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের পাশাপাশি মাদকবিরোধী অভিযানে র‌্যাবের ধারাবাহিক তৎপরতার অংশ হিসেবে এবার বিপুল পরিমাণ হেরোইনসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভারের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ নভেম্বর) সকালে ঢাকা জেলার ধামরাই থানাধীন সোমবাগ ইউনিয়নের গোয়ালদী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ কেতাবুল ইসলাম (৫০)-কে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে তার শয়নকক্ষের খাটের তোষকের ভেতর থেকে ২ কেজি ৫৯৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকা।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কেতাবুল ইসলাম স্বীকার করেছে যে, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে রাজধানীসহ আশপাশের এলাকায় খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধামরাই থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৪ কর্তৃপক্ষ।

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা ও তরুণ প্রজন্মকে নেশামুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply