রাজধানী

গাবতলী পশুরহাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-মিরপুর বিভাগের উদ্যোগে আজ ৯ নভেম্বর ২০২৫, রবিবার সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর গাবতলী পশুরহাট এলাকা ও আশপাশের সড়কে অবৈধ দখল, ফুটপাত দখল, অবৈধ পার্কিং এবং চলাচলে প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মিরপুর) কার্যালয় থেকে প্রকাশিত স্মারক নং এস/১৫-২০২৫/ডিসি ট্রাফিক-মিরপুর/৩৬৪৮ অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুসারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেন খান। তিনি দোকানদারদের সঙ্গে বিনয়ের সঙ্গে কথা বলে জানান, এই অভিযান শুধু ফুটপাত হকারমুক্ত রাখার জন্য নয়; বরং সড়কে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ কমিয়ে আনতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দারুস সালাম ট্রাফিক বিভাগ জানিয়েছে, এলাকার নির্বিঘ্ন যান চলাচল ও জনসাধারণের নিরাপদ পথচলা নিশ্চিত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য।

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মিরপুর) কার্যালয় থেকে জানানো হয়েছে, উচ্ছেদ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দারুস সালাম থানা ট্রাফিক জোনের কর্মকর্তা এছাড়া ট্রাফিক বিভাগ স্থানীয় ব্যবসায়ী, যানবাহন মালিক ও সাধারণ পথচারীদের সহযোগিতা কামনা করেছে।

জনসাধারণকে অনুরোধ করা হয়েছে, উচ্ছেদ কার্যক্রম চলাকালীন সময়ে ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলতে এবং অপ্রয়োজনে এলাকায় ভিড় না করতে।

Leave a Reply