রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল চলাচলের সময় ছিটকে পড়া একটি ভারী স্প্রিং (বিয়ারিং প্যাড) আঘাতে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মেট্রোরেলের লাইনে কম্পনরোধে ব্যবহৃত একটি বড় আকৃতির স্প্রিং হঠাৎ ছিটকে নিচে পড়ে।
সেই সময় ফুটপাত দিয়ে হাঁটছিলেন আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী এক তরুণ। ছিটকে পড়া স্প্রিংটি সরাসরি তার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শী আরেকজন জানান, “স্প্রিংটি প্রচণ্ড শব্দে পড়ে পাশের এক চাপ-সিঙ্গারা দোকানে গিয়ে লাগে। দোকানের কাঁচ ভেঙে যায় এবং দুইজন আহত হন।”
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, পড়ে থাকা স্প্রিংটির ওজন আনুমানিক ৪০ থেকে ৫০ কেজি।
খবর পেয়ে পুলিশ ও মেট্রোরেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। বিষয়টি তদন্তে মেট্রোরেল কর্তৃপক্ষের একটি টিম কাজ শুরু করেছে বলে জানা গেছে।






