রাজধানীর মাতুয়াইল এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর একটি বিশেষ অভিযানে আনুমানিক ২৫ লক্ষ টাকার অবৈধ ও আমদানিনিষিদ্ধ পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের মধ্যে রয়েছে আতশবাজি, বিদেশী কাপড়, চকলেট ও প্রসাধনী সামগ্রী।
র্যাব সূত্রে জানা যায়, গতকাল ১৫ অক্টোবর ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৩টা নাগাদ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন চট্টগ্রাম টু ঢাকা অভিমুখে মাতুয়াইল সান্টু তেলের পাম্প এলাকায় চেকপোস্ট পরিচালনা করে।
তল্লাশির একপর্যায়ে এস.এ পরিবহন এর একটি কাভার্ড ভ্যান থেকে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে — ১৩,৫৯০ পিস আতশবাজি (মূল্য প্রায় ৬,৮৪,০০০ টাকা), ৪,৩২০ পিস মেহেদী (মূল্য ১,৭২,৮০০ টাকা), ৪৩২ পিস ওলিভ অয়েল (মূল্য ১,৫১,২০০ টাকা), ৩৩৭ পিস শ্যাম্পু (মূল্য ১,৬৪,৩০০ টাকা), ৭২০ পিস ফেস ওয়াস (মূল্য ১,৮০,০০০ টাকা), ৩৫০ বক্স চকলেট (মূল্য ৩,৩৫,০০০ টাকা), ৬১২ পিস শাড়ি (মূল্য ৬,১২,০০০ টাকা), ২৬০ পিস চাদর (মূল্য ৩,৯০,০০০ টাকা) এবং ৬ বান্ডেল থ্রি-পিস কাপড় (মূল্য ১৫,০০০ টাকা)। সব মিলিয়ে মোট ২৫ লক্ষ ২৪ হাজার ৩০০ টাকা মূল্যের আমদানিনিষিদ্ধ ও অবৈধ পণ্য উদ্ধার করা হয়।
র্যাব-১০ জানায়, ঘটনাটিতে জড়িত ব্যক্তিরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
এদিকে র্যাবের এক কর্মকর্তা জানান, দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে কিছু চোরাকারবারী গোষ্ঠী অবৈধভাবে এসব আমদানিনিষিদ্ধ পণ্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।
তিনি আরও বলেন, “অবৈধ পণ্য আমদানি ও বিক্রির মাধ্যমে রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। র্যাব এ ধরনের অপরাধ রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।”






