সারাদেশ

ঝিনাইদহে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু

ঝিনাইদহ সদরে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে মিরাজুল ইসলাম (২৫) ও অলিয়ার রহমান (৫০) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার পশ্চিম বিষয়খালী ও ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিরাজুল ইসলাম পশ্চিম বিষয়খালী গ্রামের শাহাজ্জেল হোসেনের ছেলে ও অলিয়ার রহমান ভবানীপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।

জানা যায়, সকালে মাঠে ধান বাঁধতে যান কৃষক মিরাজুল।

সাড়ে ১১ টার দিকে আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। সে সময় অন্য কৃষকরা নিরাপদ স্থানে আশ্রয় নিলেও বজ্রপাতের কবলে পড়েন মিরাজুল। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে সকালে মাঠে ধান গোছানোর কাজের জন্য বাড়ি থেকে বের হন অলিয়ার।

হঠাৎ করে তুমুল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। সে সময় বজ্রপাতে গুরতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক খালিদ হাসান বলেন, ওই দুই কৃষক হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বজ্রাঘাতে নিহত দুই কৃষকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুইটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply