এখন আমের মৌসুম। কাঁচা হোক পাকা হোক, আমের কোনো তুলনাই নেই। আম খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। গরমকাল শুরু হতেই সবাই অপেক্ষা করে বসে থাকেন, কবে গাছে পাকা পাকা আম দেখা যাবে, আর কবে সেগুলো খাওয়া হবে।
কাঁচা আম দিয়ে আচার, জেলি, চাটনি, আর পাকা আম হয় অনেক কিছু। তেমনই একটি খাবার হচ্ছে আমের আইসক্রিম। আজ শিখে নিন বাড়িতে সহজেই পাকা আম দিয়ে কিভাবে আইসক্রিম তৈরি করবেন।
উপকরণ
- ২ কাপ তরল দুধ
- ১/৪ কাপ গুঁড়া দুধ
- ২ কাপ হুইপড ক্রিম
- ১/৪ কাপ কনডেন্সড মিল্ক
- পরিমাণ মতো চিনি
- ২-৩ টা গোটা আমের পিউরি
- কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স ও ড্রাই ফ্রুটস।
পদ্ধতি
সবার প্রথমে দুধ ভালো করে ফুটিয়ে নিন। এবার তাতে ধীরে ধীরে ধীরে কনডেন্স মিল্ক ও গুঁড়া দুধ মেশান। মিশ্রণটি ভালো করে নাড়তে থাকুন। মিশ্রন ঘন হলে তাতে হুইপড ক্রিম মেশান।
এবার সেই মিশ্রণটি একটু ঠাণ্ডা করে ফ্রিজে রেখে দিন। অন্যদিকে মিক্সারের একটি পাত্রে আমের পিউরি নিন। তাতে চিনি দিন এবং একটু ক্রিম ও কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স মেশান। এবার ফ্রিজ থেকে বাইরে বের করুন দুধের মিশ্রণটি এবং তার সঙ্গে মিশিয়ে দিন আমের মিশ্রণ।
এবার খোপ কাটা আইসক্রিম কনটেইনার নিন। যদি না থাকে তবে বাটিও ব্যবহার করতে পারেন। তাতে ওপর দিয়ে এই মিশ্রণ দিয়ে দিন। চাইলে কাঠিও গুঁজে দিতে পারেন। এবার এগুলো ৮-১০ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। আইসক্রিম জমে গেলে ওপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিন। ব্যস তৈরি আপনার ম্যাংগো আইসক্রিম। পরিবারের সবাইকে লাঞ্চ বা ডিনারের পর পরিবেশন করে চমকে দিন!






