মে মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়বে কি বাড়বে না, তা আগামীকাল রবিবার জানা যাবে। এ দিন বিকেলে মে মাসের গ্যাসের দাম ঘোষণা করা হবে। পাশাপাশি রবিবার এলপিজির পাশাপাশি ঘোষণা করা হবে অটোগ্যাসের দামও।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ৬ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করে বিইআরসি। আর গত ৩ মার্চ সেই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ৪৭৮ টাকা।
জানুয়ারি মাসের শুরুতে সেই মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছিল এলপিজির দাম। তবে গত ১৪ জানুয়ারি এই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা পুনঃনির্ধারণ করা হয়।






