জাতীয়

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার বিচার শুরু

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চার্জ গঠন করেছে। একই সঙ্গে আগামী ২৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানি ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এর মাধ্যমে মামলাটির বিচারকাজ শুরু হলো।

বুধবার (২৩ এপ্রিল) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ মামলার অভিযোগ গঠনের শুনানি হয়।

এদিন সকাল ১০ টার দিকে চার্জশিটভুক্ত চার আসামি শিশুটির বোনের শ্বশুর, শাশুড়ি, বোনের স্বামী ও ভাশুরের উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আইনজীবী মনিরুল ইসলাম মুকুলসহ অন্যান্য আইনজীবীরা।

আদালত সূত্রে জানা গেছে, মামলাটিকে জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে প্রসিকিউশনকে আইনি সহায়তা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজর (অ্যাটর্নি জেনারেল সমমর্যাদার সুবিধাপ্রাপ্ত) আইনজীবী এহসানুল হক সমাজীকে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ গঠনের শুনানিতে তিনিও অংশ নেন।

শুনানি শেষে আইনজীবী এহসানুল হক সাংবাদিকদের জানান, মামলার অভিযোগপত্র, মূল আসামির ১৬৪ ধারায় জবানবন্দিসহ অন্যান্য নথির ওপর ভিত্তি করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলায় শিশুটির বোনের শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের ফলে মৃত্যুর মামলা, শিশুটির বোনের স্বামী ও ভাশুরের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ির বিরুদ্ধে আলামত নষ্টের অপরাধে অভিযোগ গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা জেলার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়। পরে ১৩ মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটি মারা যায়।

নিউজ ডেস্ক:

Leave a Reply