বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৪০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে।
সোমবার (২১ এপ্রিল) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ২ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪০১ দশমিক ৪৯ ডলারে। সেশনের শুরুতে যা রেকর্ড ৩ হাজার ৪০৩ দশমিক ৯০ ডলারে পৌঁছেছিল।
ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৩ হাজার ৪১৩ দশমিক ৯০ ডলারে বেচাকেনা হচ্ছে। মূলত যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা এবং ডলারের মান পতনের ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
বিশ্লেষকরা বলছেন, বাণিজ্যিক অনিশ্চয়তা এবং ডলারের দুর্বলতা বিনিয়োগকারীদের স্বর্ণের মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকতে বাধ্য করছে।
ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, রিজার্ভ মুদ্রা হিসেবে মার্কিন ডলারের ভূমিকা নিয়ে যেসব উদ্বেগ তৈরি হয়েছে, তা স্বর্ণের বাজারকে সহায়তা করছে। একই সঙ্গে শেয়ারবাজারের দুর্বলতা থেকে বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের খোঁজ, এই মনোভাবও স্বর্ণের চাহিদা বাড়াচ্ছে। আমরা ধারণা করছি, আগামী কয়েক মাসের মধ্যে স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারে পৌঁছাতে পারে।






