চার দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরে তার সঙ্গী হিসেবে আছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
সফরকালে প্রধান উপদেষ্টা দোহায় অনুষ্ঠেয় ‘আর্থনা সামিট-২০২৫’-এ অংশ নেবেন। পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
এই সফরে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে আছেন চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ। তারা হলেন, ফুটবলার আফিদা খন্দকার, শাহেদা আখতার রিপা এবং জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।






