ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় জামাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) রাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জামাল ওই গ্রামের শনু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জামাল মিয়ার ছেলে দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছে।
সম্প্রতি জামালের চাচাতো ভাই বাবুলের ছেলেও বিদেশ যাওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় বাবুল তার চাচাতো ভাই জামালের সঙ্গে ছেলের বিদেশ যাওয়া নিয়ে উপহাস করেন।
এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে দুই পরিবারের সদস্যরা ইট-পাটকেল ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় জামাল মিয়া মাথায় আঘাত পান। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।






