নাটোরের স্থানীয় দৈনিক পত্রিকা প্রান্তজন-এর সম্পাদক ও কলেজ শিক্ষক সাজেদুল ইসলাম সেলিমের ওপর হামলা চালিয়েছে বিএনপির কর্মীরা। তাকে বেধড়ক মারপিট করে দুই হাত ভেঙে দেওয়া হয়েছে।
রোববার (৬ এপ্রিল) দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে সদর উপজেলার চন্দ্রকলা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নাটোরের গণমাধ্যমকর্মীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রকলা বাজারে স্থানীয় বিএনপি কর্মী আব্দুল ওহাবের নেতৃত্বে ৮-১০ জন বিএনপি কর্মী সাজেদুল ইসলাম সেলিমের পথরোধ করে পাশের একটি চায়ের দোকানে নিয়ে যায়। এ সময় তার মোবাইল ছিনিয়ে নিয়ে হকিস্টিক ও বাটাম দিয়ে অতর্কিতভাবে বেধড়ক মারপিট করে ফেলে রেখে যায় তারা। কলেজে আর না আসার জন্য শাসিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় সেলিমকে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসা হয়।






