সারাদেশ

ঈদের জামাত নিয়ে বাগবিতণ্ডা, এরপর যা ঘটল

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামে ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (২৮ মার্চ) রাত ১০ টার দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাইয়ুম (৫০) নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামের দক্ষিণপাড়া ও পশ্চিম পাড়ার অধিকাংশ লোকজন প্রত্যেক বছর সদরঘাট দক্ষিণপাড়া এলাকায় অবস্থিত সৈয়দ আলী ঈদগাহে ঈদের জামাত আদায় করেন। সম্প্রতি সৈয়দ আলী ঈদগাহের জায়গার ওয়াকফের কাগজ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে পশ্চিমপাড়ার লোকজনের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। শুক্রবার রাতে তারাবির নামাজের পর ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাত পড়া সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে সদরঘাট গ্রামের দক্ষিণপাড়া ও পশ্চিম পাড়ার মুরুব্বিয়ানরা সদরঘাট গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদে জড়ো হন।

 

এ সময় ঈদগাহে ঈদুল ফিতরের জামাত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা শেষে মুরুব্বিরা মসজিদ থেকে বের হয়ে আসে। পরে মসজিদের সামনে ওই গ্রামের কাজী সুন্দর আলীর ছেলে মোজাহিদ মিয়া সদরঘাট দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুল কাইয়ুমকে ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম গুরুতর আহত হন। পরে আব্দুল কাইয়ুমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে আব্দুল কাইয়ুমকে মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনের নেতৃত্বে নবীগঞ্জ থানা পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে যায়।

এ প্রসঙ্গে মো. কামাল হোসেন বলেন, সদরঘাট গ্রামে ঈদগাহে ঈদের জামাত পড়া কেন্দ্র করে ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

 

নিউজ ডেস্ক:

Leave a Reply