সারাদেশ

তথ্য চাওয়ায় সিংড়ায় সমকালের সাংবাদিক আটক

নাটোরের সিংড়ায় দৈনিক সমকালের সিংড়া উপজেলা প্রতিনিধি আব্দুর রশিদকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদের সামনে থেকে তাঁকে আটক করা হয়। তবে আটকের কারণ নিয়ে স্পষ্ট বক্তব্য নেই পুলিশ ও প্রশাসনের।

চলতি মাস থেকে অন্তর্বর্তী সরকার ‘ডেভিল হান্ট’ বাতিল করলেও এ অভিযানের নামেই তাঁকে আটকের কথা উল্লেখ করা হয়। পুলিশ বলছে, আব্দুর রশিদ সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। যদিও তিনি ওই পদে নেই।

জানা গেছে, সমকালের সিংড়া উপজেলা প্রতিনিধিকে ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর সহসভাপতি নির্বাচিত করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। ওইদিনই তিনি পদত্যাগ করেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. হাসান ইমাম তাঁকে অব্যাহতি দিয়ে প্রত্যয়নপত্র দেন। যার কপি সমকালের কাছে রয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিক আব্দুর রশিদের মুক্তির দাবি জানিয়েছেন নাটোরের তিন প্রেস ক্লাবের সদস্য ও গণমাধ্যমকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে নাটোরের কর্মরত সাংবাদিকরা আজ বৃহস্পতিবার কর্মবিরতি পালন এবং সেই সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রশিদের মুক্তির দাবিতে মানববন্ধন করবেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply