মাঠের সাফল্যই বলে দিচ্ছে সময়টা কেমন কাটছে ভারতের। তারা টানা তিনটি আইসিসি ইভেন্টের ফাইনালে উঠেছে। আর প্রথম কোনো অধিনায়ক হিসেবে আইসিসির চার সংস্করণের বৈশ্বিক টুর্নামেন্টেই ফাইনালে উঠেছেন রোহিত শর্মা। তবে ভারত দলগতভাবে এবং অধিনায়ক হিসেবে রোহিত টস হারের বৃত্তে আটকে গেছেন। ফাইনালের আগপর্যন্ত ভারত টানা ১৪ ম্যাচ এবং রোহিত ১১ ম্যাচে টস হেরেছেন। শীর্ষে থাকা ব্রায়ান লারাকে (১২) আজ ছুঁয়ে ফেলার সুযোগ আছে তার সামনে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর এই মুহূর্তে পুরোদস্তুর ক্রিকেট বিশ্লেষকের ভূমিকায় আছেন রবিন্দ্রন অশ্বিন। তার চাওয়া ফাইনালেও যেন ভারত টস হারে। আর এ বিষয়টি রোহিতকেও মানসিকভঅবে স্বস্তিতে রাখবে বলে মনে করছেন সাবেক এই ভারতীয় অলরাউন্ডার। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘আমার মতে ভারতের টস জেতার লক্ষ্য থাকা উচিৎ নয়। আমি তাদের এক্ষেত্রে হেরে যেতে বলব, নিউজিল্যান্ডকে টস জিতে সিদ্ধান্তের ভারত নিতে দেওয়া উচিৎ। যা ভারতকে কিছুটা কৌশলগত অবস্থানে রাখবে।’
ফাইনালে ভারতই ফেবারিট হিসেবে খেলতে নামবে বলেও মত অশ্বিনের, ‘এর আগে ভারত ডিফেন্ড (আগে ব্যাট) কিংবা রান চেজ করায় সফল হয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি ভারত ৫৪-৪৬ শতাংশের বিচারে ফেবারিট থাকবে। যদিও নিউজিল্যান্ডের বোলাররা এর আগে ভারতের জন্য সমস্যার কারণ হয়েছিল। তারা এখনও অনেক শক্তিশালী দল।’






