আত্মীয়র বাসা থেকে ধরে নিয়ে শাজাহান মিন্টিজ নামে এক ব্যক্তিকে বেধড়ক পিটিয়েছে সংঘবদ্ধ একদল যুবক। শুধু তাই নয়, তুলে নেওয়া হয়েছে তাঁর দুই চোখ এবং কেটে দেওয়া হয়েছে ডান হাতের একটি আঙুল। মারধরে ভেঙে গেছে তাঁর বুকের হাড়; মেরুদণ্ডেও গুরুতর জখম হয়েছে। কয়েকটি হাসপাতাল ঘুরে বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। মিন্টিজের স্ত্রী ফাতেমা বেগমের দাবি, জমিজমা নিয়ে বিরোধে স্বামী মিন্টিজের ওপর হামলা করা হয়েছে। স্বামীকে বাঁচাতে পুলিশের সহযোগিতা পেতে বারবার ৯৯৯-এ ফোন করলেও সাড়া মেলেনি। এমনকি এ ঘটনায় এখন পর্যন্ত মামলা নেয়নি পুলিশ।
গত রোববার সকালে ভোলার চরফ্যাসন দক্ষিণ আইচা থানার চর আরকলমী গ্রামে এ ঘটনা ঘটে। ওইদিন শাজাহান তাঁর বোনের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলেন। চুরির অভিযোগ তুলে সেই বাসা থেকে ২০ থেকে ২৫ জন যুবক তাঁকে তুলে নিয়ে যায়। পরে পিটিয়ে ও কুপিয়ে মারা গেছে ভেবে পরিত্যক্ত পুকুরপাড়ে ফেলে রাখে। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য প্রথমে বরিশাল এবং পরে ঢাকায় পাঠানো হয়। রোববার রাতে তাঁকে ঢামেকে ভর্তি করা হয়। গুরুতর জখম দুই চোখে গত সোমবার দুপুরে অস্ত্রোপচার হয়েছে। আঘাতের পর চোখের আলো হারিয়েছেন তিনি।






