Topসারাদেশ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবি: ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

মজুরি বোর্ডের বৈঠকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে গাজীপুরে। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে জেলার ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ভোগড়া বাইপাস, নাওজোড়, সালনাসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানার সামনে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস, বোর্ডবাজারের সাইনবোর্ড, নাওজোড় এবং ভাওয়াল মির্জাপুর-মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা সড়ক ও মহাসড়কে অবস্থান নেন। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

একই সময়ে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের কাঞ্জনুল এলাকার কোয়াট্রো ফ্যাশন, লায়লা গার্মেন্টস ও রাগাডি ফ্যাশনসহ রাজেন্দ্রপুরের বাংলাবাজার এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেননি। তারা বাংলাবাজার-ভাওয়াল মির্জাপুর ও মাস্টারবাড়ি-ভাওয়াল মির্জাপুর আঞ্চলিক সড়ক এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে বিক্ষোভ করেন।

ভাওয়াল মির্জাপুরের কাঞ্জনুল এলাকার কোয়াট্রো ফ্যাশনের একজন অপারেটর বলেন, অপারেটরদের বেতন তেমন বাড়েনি। বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি।

এদিকে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। ভাওয়াল মির্জাপুর কলেজের প্রভাষক কৃত্তি বাবু বলেন, উত্তরা থেকে কর্মস্থলে যাওয়ার পথে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের মুখে পড়েন তিনি। পরে বিকল্প পথে যাওয়ার চেষ্টা করেও যানজটে আটকে যান। কখন কলেজে পৌঁছাতে পারবেন, তা নিশ্চিত নন তিনি।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ভোগড়া বাইপাস, নাওজোড়, সাইনবোর্ড ও সালনা এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। এ কারণে কোথাও কোথাও টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হচ্ছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply