সারাদেশ

কসবার বাদৈর ইউনিয়নে স্বল্প ব্যয়ে চিকিৎসাসেবা, শক্তি ফাউন্ডেশন ও রহমান ডেভেলপমেন্টের প্রশংসনীয় উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়ন পরিষদে শক্তি ফাউন্ডেশন ও রহমান ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। এ কার্যক্রমের আওতায় মোট ৩৫ জন রোগীকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও স্বল্প খরচে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ পান স্থানীয় বাসিন্দারা।

স্বাস্থ্যসেবা কার্যক্রমে রোগীদের ওজন পরিমাপ, রক্তচাপ, ডায়াবেটিস, হিমোগ্লোবিন, ইউরিক অ্যাসিড ও টোটাল কোলেস্টেরল পরীক্ষা করা হয়। এছাড়া মাত্র ৫০ টাকায় এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে ভিডিও কনসালটেশন সেবা প্রদানের ব্যবস্থাও রাখা হয়।
তবে এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিভিন্ন পরীক্ষার জন্য ৩০, ৫০ ও ৯০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী। তাঁদের দাবি, দরিদ্র ও অসচ্ছল মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ বিনামূল্যে পরিচালনা করা উচিত। একই সঙ্গে প্রাথমিক চিকিৎসার আওতায় রোগীদের প্রয়োজনীয় ওষুধপত্র বিনামূল্যে বিতরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাদৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিপন আহমেদ ভূঁইয়া। স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধনী বক্তব্য দেন বাদৈর ইউনিয়ন বিএনপির প্রফেসর ফুরকান আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৩ নম্বর বাদৈর ইউনিয়ন যুবদলের কামাল খন্দকার, ইউনিয়ন বিএনপির মিজানুর রহমান, জাতীয়তাবাদী কৃষক দলের ইসহাক আহমেদ, বাদৈর ইউনিয়ন বিএনপির আল আমিন মাস্টার এবং জাতীয়তাবাদী কৃষক দলের ইমন ভূঁইয়া ও বিল্লাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
শক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে চিকিৎসাসেবা প্রদান করেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নুসরাত জাহান প্রীতি ও শাহজাদী নাজনীন শ্যামলী।
আয়োজক সূত্রে জানা যায়, এলাকার দরিদ্র, অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের কাছে সহজলভ্য চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে আর্থিক সংকটের কারণে যাঁরা নিয়মিত চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না, তাঁদের জন্য এ কার্যক্রমের আয়োজন করা হয়।
স্থানীয় সচেতন মহলের মতে, গ্রামীণ জনপদে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্প ব্যয়ে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া একটি সময়োপযোগী ও মানবিক উদ্যোগ। এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি পাবে এবং প্রাথমিক চিকিৎসা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
এ বিষয়ে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, “গ্রামীণ পর্যায়ে স্বল্প ব্যয়ে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। অর্থের অভাবে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা থেকে বঞ্চিত হন। এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে গ্রামের অসংখ্য মানুষ উপকৃত হবেন।”
একজন মানবাধিকারকর্মী বলেন, “চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকারের অন্যতম। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো মানুষ যেন প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
এ বিষয়ে দৈনিক আমাদের সমাচার-এর জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ মোস্তফা বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়। শক্তি ফাউন্ডেশন ও রহমান ডেভেলপমেন্টের এ উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর কল্যাণে একটি প্রশংসনীয় পদক্ষেপ। অর্থের অভাবে যেন কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন। আমি এ জনকল্যাণমূলক কার্যক্রমকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, স্বল্প খরচে চিকিৎসাসেবা ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ তৈরি হওয়ায় তাঁরা উপকৃত হয়েছেন। তবে তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ বিনামূল্যে পরিচালনার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হবে।
সংশ্লিষ্টদের প্রতি স্থানীয় সচেতন মহলের আহ্বান, শক্তি ফাউন্ডেশন ও রহমান ডেভেলপমেন্টের এ উদ্যোগ শুধু বাদৈর ইউনিয়নে সীমাবদ্ধ না রেখে কসবা উপজেলার অন্যান্য ইউনিয়নসহ দেশের প্রত্যন্ত অঞ্চলেও সম্প্রসারণ করা হোক। এতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও সহজ ও বিস্তৃত হবে।

Leave a Reply