স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মুন্সিগঞ্জের চরাঞ্চল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার মোল্লাকান্দিতে বিএনপির দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবর্ষণ ও একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পর্যন্ত চলা এ সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।


একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন বসতবাড়ির উঠান ও মাঠে গুলির খোসা এবং ককটেল বিস্ফোরণের চিহ্ন দেখা যায়।
পুলিশ জানায়, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার অনুসারীদের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

রাতের ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ইউনিয়নের রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে হামলা-পাল্টা হামলা এবং মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে সংঘাতে জড়ান দুই পক্ষের লোকজন।
এতে গুলিবিদ্ধ হন দিদার ঢালী (৪৭), বোরহান সিকদার (৪৯), দিদার সরদার (৪৫), রাকিব সরদার (২৫) ও ইমরান হোসেন (৪৮)। তাঁদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ইউনিয়নের নোয়াদ্দা এলাকার একটি ড্রেজারের পাশে কয়েকজন যুবক দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় আওলাদ মোল্লার অনুসারীরা সেখানে অতর্কিত হামলা চালিয়ে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। ওই ঘটনার জের ধরে ইউনিয়নের অন্যান্য গ্রামেও সংঘাত ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলা সংঘর্ষে আরও অন্তত পাঁচজন আহত হন। এ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে।
গুলিবিদ্ধ দিদার ঢালী অভিযোগ করে বলেন, প্রবাসীদের অর্থায়নে অস্ত্র ও ককটেল কেনা হচ্ছে। এদিন ইউনিয়নের রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা-পাল্টা হামলা চলে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ মোল্লাকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। অন্যদিকে, ফ্রান্সপ্রবাসী রহিম মোল্লার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব চলে আসছে। এর জেরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন।
তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সূত্র: চ্যানেল 24






