চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক প্রশস্তকরণের কাজ দ্রুত শেষ করতে দিন-রাত কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা। অন্যদিকে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন এবং নির্মাণের গুণগত মান নিশ্চিত করতে মাঠপর্যায়ে সার্বক্ষণিক তদারকি করছে পৌর প্রশাসন।
মহানন্দা সেতুর সংযোগ সড়ক প্রকল্পের আওতায় পৌর শহরের বিভিন্ন এলাকায় সড়ক প্রশস্তকরণ, সংস্কার ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের কাজ চলছে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নিয়মিত সময়ের পাশাপাশি অতিরিক্ত সময়ও কাজ করছে। একই সঙ্গে কাজের অগ্রগতি ও নির্মাণের মান যাচাইয়ে সরেজমিনে পরিদর্শন করছেন পৌর প্রশাসনের কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা বলছেন, এসব উন্নয়নকাজ সম্পন্ন হলে শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও যানজট সমস্যা অনেকটাই কমে আসবে। উন্নত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হবে এবং প্রশস্ত সড়কে যানবাহন চলাচল সহজ হবে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মামুন অর রশীদ বলেন, পৌর শহরের উন্নয়নকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত তাগিদ দেওয়া হচ্ছে। প্রয়োজনে তারা অতিরিক্ত সময় কাজ করছে। পাশাপাশি নির্মাণের গুণগত মান বজায় রাখা এবং অনিয়ম বা অবহেলা রোধে মাঠপর্যায়ে সরেজমিনে তদারকি করা হচ্ছে।
তিনি আরও বলেন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক প্রশস্তকরণ নাগরিকদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাজগুলো শেষ হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি যানবাহন চলাচল সহজ হবে।
পৌরসভার শহর পরিকল্পনাবিদ মো. ইমরান হোসাইন বলেন, শহরের সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং নাগরিকদের চলাচলের সুবিধা নিশ্চিত করতেই এসব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তোফিকুল ইসলাম বলেন, বিভিন্ন ওয়ার্ডে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকাজ চলমান রয়েছে। কাজগুলো যথাযথভাবে সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং সড়কে চলাচলের ভোগান্তি কমবে।
সংশ্লিষ্টদের আশা, উন্নয়নকাজ শেষ হলে চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন ও নাগরিক সুযোগ-সুবিধায় দৃশ্যমান পরিবর্তন আসবে।






