সারাদেশ

‘জুতাসহ বিনা অনুমতিতে প্রবেশ করুন’- ইউএনওর দরজায় ব্যতিক্রমী বার্তা

কুমিল্লার বরুড়া উপজেলায় ইউএনও অফিসের সামনে ব্যতিক্রমী এক সাইনবোর্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে লেখা রয়েছে ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ প্রবেশ করুন’। শুক্রবার (৩০ অক্টোবর) ইউএনওর কার্যালয়ের দরজার এ বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমানো এবং সেবাপ্রত্যাশীদের সহজে ইউএনওর কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ছোট এই বার্তায় সরকারি দপ্তরকে মানুষের জন্য আরও উন্মুক্ত ও সহজলভ্য করার ভাবনা প্রকাশ পেয়েছে।

স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, অনেক সময় সরকারি কর্মকর্তাদের কাছে সহজে পৌঁছাতে না পেরে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হন। কেউ কেউ দালালের দ্বারস্থ হয়ে ভোগান্তিতে পড়েন। বরুড়া ইউএনওর কার্যালয়ের এই বার্তা মানুষের মধ্যে আস্থা বাড়াবে।

শওকত আলী বলেন, এটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। সরকারি অফিসে শৃঙ্খলা, নিয়মনীতি ও সৌজন্যবোধ বজায় রাখতে এমন নির্দেশনা প্রশংসার দাবিদার। ইউএনও মহোদয়ের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও শুভকামনা। আল্লাহ তাকে জনসেবায় আরও অবদান রাখার তৌফিক দিন।

এ বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি বলেন, জনসাধারণের সঙ্গে দূরত্ব কমাতেই আমি এমন উদ্যোগ নিয়েছি। সাধারণ সেবাপ্রত্যাশীরা যেন এ কার্যালয়কে তাদের নিজস্ব কার্যালয় মনে করে সেজন্যই উদ্যোগটি নেওয়া হয়েছে। সরকারি দপ্তর মানুষের সেবা দেওয়ার জন্য। সেবাপ্রত্যাশীরা যেন কোনো সংকোচ বা দ্বিধা ছাড়াই তাদের প্রয়োজনের কথা জানাতে পারেন, সে জন্যই কার্যালয়ের সামনে এ বার্তা দেওয়া হয়েছে। আমার কক্ষে আসতে আলাদা অনুমতির প্রয়োজন নেই, জুতা খুলেও প্রবেশ করতে হবে না। সবাই যেন সহজে প্রশাসনের কাছে এসে সেবা নিতে পারেন এটাই আমার প্রত্যাশা

নিউজ ডেস্ক:

Leave a Reply