সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮০ জনে। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১৬৪ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন তিনজন।

শনিবার (২৪ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক ডেঙ্গু প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ১৬ জন নারী। তাঁদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৫৫ জন, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন করে এবং নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছেন। গোমস্তাপুরে নতুন কোনো রোগী ভর্তি হননি।

গত ২৪ ঘণ্টায় ২৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে দুজনকে। এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১৬৪ জনের মধ্যে ৯৯ জন পুরুষ ও ৬৫ জন নারী।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া, দিনের বেলাতেও মশার কামড় থেকে সতর্ক থাকা এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply